admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ বিধি-নিষেধ জারি করেছে হোটেল-রিসোর্ট বন্ধের বদলে ঈদ প্যাকেজ! করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বেশ কিছু বিধি-নিষেধ জারি করে তা প্রতিপালনের নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী, সব ধরনের বিনোদন ও পর্যটন কেন্দ্র এবং সংশ্লিষ্ট হোটেল-রিসোর্ট বন্ধ রাখার কথা। সরকারি বিধি-নিষেধ বহাল থাকছে আগামী ১৬ মে পর্যন্ত, তা উপেক্ষা করেই চলছে পর্যটকদের আকৃষ্ট করার তোড়জোড়। দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন হোটেল ও রিসোর্টে ঈদ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা চলছে। সামাজিকমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, হোটেল বন্ধ রাখার কোনো নির্দেশনা তারা পাননি। সেজন্য ঈদ প্যাকেজ ঘোষণা করেছেন তারা।
পর্যটকদের টানতে বিজ্ঞাপন প্রচার করছে কক্সবাজার ও ঢাকাসহ অন্যান্য অবকাশ কেন্দ্রের ছোট থেকে শুরু করে পাঁচ তারকা হোটেলও। এই তালিকায় থাকা কক্সবাজারের অন্যতম বড় হোটেল সায়মন বিচ রিসোর্ট তাদের ফেসবুকে পেজে পর্যটকদের জন্য ‘ঈদ রিক্রিয়েশন প্যাকেজ’ ঘোষণা করেছে। এ বিষয়ে জানতে চাইলে রিসোর্টটির মুখপাত্র আহসানুল হোসেন বলেন, হোটেল বন্ধ রাখার নির্দেশনা নয়, ধারণ ক্ষমতার অর্ধেক ফাঁকা রাখতে বলা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রশাসনের নির্দেশনা মেনেই ঈদ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে সরকারি বিধিভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের অধিকাংশ আবাসিক হোটেল, রিসোর্ট ও অবকাশ কেন্দ্র চালু রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে অনেকে সেখানে যাচ্ছেন এবং তাদের গ্রহণ করছে হোটেলগুলো। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলছেন, সরকারি বিধি-নিষেধে আবাসিক হোটেল, রিসোর্ট ও অবকাশ কেন্দ্র খোলা থাকার সুযোগ নেই। কক্সবাজারসহ সকল পর্যটন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সে অনুযায়ী, হোটেলে পর্যটক রাখা যাবে না। এ ক্ষেত্রে ফেসবুকে ‘ঈদ প্যাকেজ’ প্রচারের তো সুযোগই নেই।
এদিকে, কক্সবাজার ছাড়া ঢাকার আশপাশে বিভিন্ন হোটেল ও রিসোর্টেও পর্যটকদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভারের অনেক অবকাশ কেন্দ্র পুরোপুরি সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোকে দায়ী করা হয়। গত মার্চে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় বাড়ায় সংক্রমণও বেড়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||