মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুরের লাকি বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরে যাওয়ার পথে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তাদের আটক করা হয়। প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও দিনাজপুরের হিলি এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় শাজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।