admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
পর্যটন খাত থেকে আয় বাড়ানোর লক্ষ্যে পর্যটকদের আকৃষ্ট করতে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশিদের জন্য ক্যাসিনোসহ তাদের বিনোদনের উপযোগী সকল প্রকার সুযোগ-সুবিধা রেখে স্থাপনা তৈরির সুপারিশ করা হয়েছে। আজ সোমবার, ৪ অক্টোবর, এ সংক্রান্ত সংসদীয় কমিটি এ সুপারিশ করেছে। একই সঙ্গে দেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা এলাকায় আগামী ৬ মাসের মধ্যে ৫ হাজার পর্যটক অবস্থান করতে পারার মতো করে স্থাপনা তৈরি করার ওপরও জোর দেওয়া হয়েছে।
এদিন সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এদিন সভাপতিত্ব করেন আ স ম ফিরোজ। এ সময় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মির্জা আজম, মাহবুব উল আলম হানিফ, নাহিদ ইজাহার খান এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের পর কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, আমরা একটি এক্সক্লুসিভ জায়গা নির্ধারণ করে বিদেশিদের জন্য সকল সুযোগ-সুবিধা রাখার ব্যবস্থা করতে বলেছি, যাতে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায়। তিনি বলেন, বিশ্বে তৈরি পোশাক শিল্পে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ কারণে অনেক বিদেশি ক্রেতা আমাদের দেশে আসেন। অথচ আমাদের এখানে বিদেশিদের বিনোদনের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা যদি বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখা যাবে বিদেশি পর্যটকদের জন্য তারা আলাদা ব্যবস্থা রেখেছে।
আ স ম ফিরোজ বলেন, আমাদের দেশে বিদেশি পর্যটক আসুক, সেটা আমরাও চাই। সেজন্যই এ সুপারিশ করা হয়েছে। তারা, বিদেশিরা, তাদের মতো করে নির্ধারিত এলাকায় ঢুকবে। কোনো বাংলাদেশি সেখানে প্রবেশ করতে পারবে না। বিশ্বের অন্যান্য দেশে যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়, আমাদের দেশেও সেই ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এর ফলে বাংলাদেশকে মানুষ চিনতে পারবে সবাই।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, বিদেশি পর্যটকদের জন্য দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ডেডিকেটেড ক্যাসিনোসহ তাদের বিনোদনের উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবারের প্রতিষ্ঠান কমিটির বৈঠকে কার্যকর উদ্যোগ গ্রহণে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন সংস্থার পাশাপাশি দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার মাধ্যমে তাদের সযযোগিতা নেওয়ার সুপারিশও করেছে কমিটি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||