আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মা, ছেলে ও নাতিসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
৪ এপ্রিল রাতে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ভাউলাগঞ্জ এলাকার তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) এবং নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়াও নীলফামারীর ডোমার উপজেলার শব্দিগঞ্জ এলাকার মো. হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২), দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তৌকির আলম (৩৪), কমল রায় (২৫), বোদা উপজেলার নুরপুর এলাকার রাগিব ইয়াসার (২২) ও মামুনুর রশিদ (৩০) রয়েছেন।
পুলিশ জানায়, তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১০ জনকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
সূত্র আরও জানায়, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং সেখানে নিয়মিত মাদকের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং আসামিদের গ্রেফতার করে।
এদিকে একইদিন দেবীগঞ্জ পৌর সদরের সবুজ পাড়া এলাকার শফীফুল ইসলামের ছেলে রাজু ইসলামকে সাহাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃতদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।