admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪ ৯:১২ পূর্বাহ্ণ
ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগাম সবজি চাষের বেশ খ্যাতি রয়েছে। সবজি উঠানোর পর ওই জমিতে আগাম আলু চাষের বীজ বপনে চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে। সরেজমিনে হাবিবপুর, মুকুন্দপুর, কেশবপুর, এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, আগাম আলুর বীজ বপনে চাষিরা ব্যস্ত হয়ে পড়েছে।
চাষী কামাল হোসেন জানায়, সে ৪ বিঘা আবেদ আলী ৩ বিঘা বাবুল হোসেন ২ বিঘা, আলম ৫ বিঘা জমিতে আগাম আলুর বীজ বপন করছেন। ৪০/৪৫ দিনের মধ্যে আলু ঘরে উঠে বলে তারা আশা পোষণ করছেন । গতবারে আলুর ভালো দাম পাওয়ায় এ বছরও আলু চাষে তাদের আগ্রহ বেড়েছে। তবে এ মৌসুমে আলুর বীজের দাম বেশি। গতবারে যে আলুর বীজের দাম ছিল প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা এবার মান ভেদে ৮০ টাকা থেকে ১ শত টাকা। সারের দামও উর্ধ্বগতি। কৃষক জানায় এক বস্তা টিএসপি সারের মূল্য ১৭ শত থেকে সাড়ে ১৭শত টাকা। পাশাপাশি কীটনাশক এর দামও বেশি। আলু চাষে পটাশ, ফসফেট ,বোরণ জিপসাম সারের প্রয়োজন হয়।
এক বিঘা জমিতে আলু আবাদ করতে গেলে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মন আলু উৎপাদন হবে । উৎপাদন খরচ হিসাবে আলুর ন্যায্য মূল্য না পেলে কৃষক লোকসানের মুখে পড়তে পারে বলেও জানান। তারা আরো জানায় অন্যান্য ফসলের চেয়ে আলুর চাষে লাভ বেশি। এ বছর আলুর দাম বেশি পাওয়ায় চাষীরা আলু চাষে ঝুঁকে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ মৌসুমী বিরামপুর উপজেলায় ১৭ শ হেক্টর জমিতে কারেজ,রোমানা,কার্ডলাল ইত্যাদি জাতের আলু আবাদ হয়েছে। কৃষি অফিসার কমল কৃষ্ণ রায় জানান, উপজেলা আলু চাষে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন আশা করেন।