admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় আজ শনিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ধাপে সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, এই ধাপে ৬৪টি পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে দুটির ভোট স্থগিত থাকায় আজ ৬২টিতে ভোট হচ্ছে। এ ধাপে মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী হয়েছেন। যাদের মধ্যে ২২৯ জন মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন রয়েছেন।
ত্রিশাল এবং কুমিল্লার লাকসাম পৌরসভায় আজ ভোট হচ্ছে না। এর মধ্যে ত্রিশালে এক প্রার্থীর মৃত্যুর দরুন ১৪ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। আর কুমিল্লার লাকসামে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোটের প্রয়োজন হচ্ছে না। এ ধাপে ইতোমধ্যে তিনজন মেয়র প্রার্থীসহ মোট ৩৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে মেয়র পদে কুমিল্লার লাকসাম, বাগেরহাটের মোরেলগঞ্জ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে। এছাড়া ৯ জন সংরক্ষিত কাউন্সিলর পদে এবং ২৫ জন সাধারণ কাউন্সিলর পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট পৌরসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের মাঠে নামানো হয়েছে। নির্বাচনী এলাকায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেসব পৌরসভায় আজ ভোট হবে সেগুলো হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জ, বগুড়ার ধুনট, শিবগঞ্জ, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম। দিনাজপুরের হাকিমপুর, নীলফামারীর জলঢাকা, কুড়িগ্রামের উলিপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর। বরগুনার সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান। নওগাঁ সদর ও ধামইরহাট, রাজশাহীর মুন্ডুমালা ও কেশরহাট, নাটোরের সিংড়া, পাবনা সদর।
যশোরের মনিরামপুর, নড়াইলের সদর ও কালিয়া, চুয়াডাঙ্গার সদর ও দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, খুলনার পাইকগাছা, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠী, সাতক্ষীরার কলারোয়া, বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, টাঙ্গাইলের সদর, মির্জাপুর, ভূঞাপুর, সখিপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, শেরপুরের নকলা ও নালিতাবাড়ী।
মৌলভীবাজারের সদর, কুমিল্লার বরুড়া ও চৌদ্দগ্রাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর সদর, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার দূর্গাপুর, কিশোরগঞ্জের কটিয়াদী, মুন্সীগঞ্জের সদর, রাজবাড়ীর পাংশা, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ। প্রসঙ্গত, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয়। এর পর গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি এবং পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি ৩১টি পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে।