admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
মোতালেব বাবু, স্টাফ রিপোর্টারঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এতে ৪ কিলোমিটার এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনে পেছন থেকে সুরভি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এসময় সুরভি পরিবহনের ১০-১২ জন গুরুতর আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কেউ মারা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।