পজিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
দীর্ঘদিনের প্রত্যাশার পর ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি এসেছে। প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সরকারি সফর। দুই দিনের এই সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) হেলিকপ্টারে করে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন। রাষ্ট্রপতিকে দেখতে সংবর্ধনাস্থলে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মাঠ ছাড়াও আশপাশের সড়ক ও বিভিন্ন ভবনের ছাদে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য এমন একটি প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের পাশাপাশি আশপাশের জেলার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয়ভাবে শিক্ষা, গবেষণা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আর্থসামাজিক উন্নয়নেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি শেষে রাষ্ট্রপতির নিজ বাসভবনে ফিরে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। এরপর সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন তিনি।
রাষ্ট্রপতির সফর ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। দীর্ঘদিনের প্রত্যাশিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।