admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২০ ৯:৪১ পূর্বাহ্ণ
জুনায়েদ বাবুনগরী বলেছেন দেশে ভাস্কর্য যেই করুক টেনে হিঁচড়ে ফেলা হবে। যদি কোথাও কোনো ভাস্কর্য হয় এবং সেটা যে দলই করুক না কেন, এমনকি সেটা যদি আমারও হয়, আমি টেনে-হিঁচড়ে ফেলে দেব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারি উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে এ বক্তব্য দিতে তিনি এমন মন্তব্য করেন। এর আগে শুক্রবার মাগরিবের নামাজের পর মাহফিল স্থলে পৌঁছান আল্লামা বাবুনগরী। কওমি মাদ্রাসা-ভিত্তিক সংগঠন আল আমিন সংস্থা এ মাহফিলের আয়োজন করে।
হেফজত আমীর বলেন, কোনো সরকার কিংবা কোনো দলের বিরুদ্ধে নয়, ইসলাম-বিরোধীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ইসলাম রক্ষায় আমাদের এই প্রতিবাদ চলবে। এদিকে, মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাওলানা মামুনুল হকের। কিন্তু তিনি মাহফিলে উপস্থিত ছিলেন না।
সম্প্রতি ঢাকার বিএমএ মিলনায়তনে ধোলাইর পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন মাওলানা মামুনুল হক। এ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা তৈরি হয়। এমনই প্রেক্ষাপটে গতকাল চট্টগ্রামে মামুনুল হককে অবাঞ্চিত ঘোষণা করেন চট্টগ্রামের যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। সেইসঙ্গে তাকে আজ শুক্রবারের মাহফিলে যাওয়া প্রতিহত করার ঘোষণা দেন। সেই অনুযায়ী আজ নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার কথাও জানান নেতারা।