admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ১১:৪৪ পূর্বাহ্ণ
করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন নতুন নাম যুক্ত হচ্ছে মৃত্যুর সারিতে। এরই মধ্যে বিশ্বজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেলো। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৪ হাজার ৬৩ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৯৯৫ জন। আর আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ২৩৮ জন।
করোনা বিশ্বের যেসব দেশে তাণ্ডব চালিয়েছে তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে গোটা বিশ্বের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৬ লাখ ৬৪ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের পরেই আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩০ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১ লাখ ১ হাজার ১৩৬ জন। চিকিৎৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ।
কোভিড-১৯ আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৪৬৬ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজারের বেশি রোগী।
আক্রান্তের দিক দিয়ে বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৩৯৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর ধীরে ধীরে এটি বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা এখনো এর শতভাগ কার্যকরী প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। তবে কিছু কিছু ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে।