লেখক:জান্নাতুল ফেরদৌসী বর্ষা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
মন দেওয়ালে জং ধরেছে,হৃদয় লোচন অন্ধ হায়!মরীচিকার দাগ পড়েছে,বোধের দুয়ার বন্ধ তাই।
ছন্দরা সব অক্কা পেলো,
হৃদয় হলো শব্দহারা,
ভাব করেছে আত্মহত্যা,
ঝরছে রুধির শ্রাবণধারা।
হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি,
শব্দ গাঁথা কবি,
যায় না দেখা চাঁদ-জোছনা,
দেখতে পাই না রবি।
নীড়ের খোঁজে পা দুটো মোর
ঘোর নিশীথে হাঁটতে থাকে,
কেউ কি আছো মশাল জ্বেলে
পথ দেখাবে এই আমাকে?