admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২১ ৯:৩৭ পূর্বাহ্ণ
কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কয়েকটি ক্যাম্পে নিজস্ব মুদ্রা ছেড়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে তাদেরই একটি সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গ্রুপে এ মুদ্রা নিয়ে প্রচারণাও শুরু করেছে সংগঠনটি। তবে এ বিষয়ে কিছুই জানে না পুলিশ। একাধিক সূত্র বলছে, প্রাথমিকভাবে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে নিজস্ব মুদ্রা চালু করেছে আরসা। নতুন এই মুদ্রা দিয়ে এরইমধ্যে লেনদেন শুরু হয়েছে এসব ক্যাম্পে।
পর্যায়ক্রমে শিগগিরই আরসা নিয়ন্ত্রিত ক্যাম্পগুলোতে এ মুদ্রা চালুর প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে। সূত্রমতে, প্রাথমিকভাবে ১ হাজার, ৫ শ ও ১০০ টাকার নোট ছাড়া হয়েছে। এসব নোটে আরসার নেতা আতাউল্লাহর ছবি রয়েছে। কক্সবাজারে ৩২টি রোহিঙ্গা ক্যাম্পের ২৭টিতে এই গোষ্ঠীর আধিপত্য রয়েছে বলে কথিত আছে।
শরণার্থী ক্যাম্পে মুদ্রার প্রচলন হলে তা দেশের জন্য হুমকি তৈরি করতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম। এমন মুদ্রা প্রচলন করা সন্দেহজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসার মুদ্রা চালুর বিষয়ে তারা কিছুই জানেন না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।