admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
আমেরিকার কমলা হ্যারিস মন্তব্যে ক্ষুব্ধ নাইন-ইলেভেনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলাকে নাইন-ইলেভেনের হামলার সাথে তুলনা করায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন অপমানিত বোধ করেছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এমন তুলনায় তার ওপর ক্ষোভ প্রকাশ করেছে ওই পরিবারগুলো। ২০২১ সালের ৬ জানুয়ারি শত শত ট্রাম্প সমর্থক ওয়াশিংটন ডিসিতে মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালায়। এ ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছিল। সে উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে কমলা হ্যারিস বলেছিলেন, কিছু তারিখ ইতিহাসজুড়ে প্রতিধ্বনিত হয়, সেই তারিখগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, এসব দিন আমাদের গণতন্ত্র আক্রমণের মুখে পড়েছিল। তারিখগুলো হলো- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২১ সালের ৬ জানুয়ারি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হয়েছিল। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে বোমা হামলায় ২ হাজার ৪০৩ আমেরিকান মারা গিয়েছিলেন। আর ক্যাপিটল ভবনে হামলায় নিহত হয়েছিলেন মাত্র ৫ জন। নাইন-ইলেভেনের সাথে ক্যাপিটল ভবনের হামলার তুলনা করায় কমলা হ্যারিসের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হামলার সময় মারা যাওয়া নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়নের প্রধান এডওয়ার্ড গেরাঘটির স্ত্রী ৬১ বছর বয়সী মেরি গেরাঘটি। তিনি বলেন, আমি এখনো নির্বাক, আমাদের ভাইস প্রেসিডেন্ট কীভাবে এ ধরনের মন্তব্য করেছেন।
অন্য দেশের সন্ত্রাসীরা আমেরিকার মাটিতে এসে হামলা চালিয়ে মার্কিন নাগরিকদের হত্যা করেছিল, এর সাথে ক্যাপিটল ভবন হামলার তুলনা হয় কীভাবে! নাইন-ইলেভেনের ঘটনায় পিতা হারানো অ্যাঞ্জেলা মিস্ত্রুলি বলেন, রাজনৈতিক কথোপকথনে নাইন ইলেভেন নিয়ে আসা পছন্দ করেন না। অবসরপ্রাপ্ত ফায়ার ক্যাপ্টেন অ্যান্থনি ভারিয়েল বলেন, ‘এটা বিব্রতকর যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আমি মনে করি তার পদত্যাগ করা উচিত।’ স্বামী হারানো গেইল ইগেলসন বলেন, ‘এটা কী? ক্যাপিটলে ৫ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আপনি কীভাবে ৯/১১ এর সাথে তুলনা করতে পারেন!