admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ
ইক্কা মির্জা,স্টাফ রিপোর্টার মাল্যেশিয়াঃ আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের সফল অস্ত্রোপচার। মালয়েশিয়ার রূপকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একটি অস্ত্রোপচার সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে তিনি বাসায় ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে মালয় ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট। মাহাথিরের শরীরে ইলেক্টিভ মেডিক্যাল প্রসিডিউর’ সফল হওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে হার্ট ইনস্টিটিউট। তাতে অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই অস্ত্রোপচারটি শেষ হওয়ার কথা উল্লেখ করা হয়।
সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো গত ১৬ ডিসেম্বর সেখানে ভর্তি করা হয় তাকে। ওই সময় মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে পর্যবেক্ষণে রেখে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে বলে জানানো হয়। ৯৬ বছর বয়সী এই রাজনীতিকের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে কয়েক দিন লেগে যায়। ওই সময়ে দর্শনার্থীদের সাক্ষাৎ করতে দেয়া হয়নি। মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যার জন্য গত বছরের ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন, তখন সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এর আগে ২০০৬ সালে একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল তার।
এ ছাড়া ১৯৮৯ ও ২০০৭ সালে তার বাইপাস সার্জারি করা হয়েছিল। এর আগে ২০১৮ সালেও বুকে সংক্রমণের কারণে একই হাসপাতালে চিকিৎসা নেন তিনি। প্রসঙ্গত, মাহাথির মোহাম্মাদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তিনি। অবশ্য এ পর্যায়ে ২ বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে পড়ে তার সরকার।