admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: সাভারের মজিদপুর এলাকায় একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। যাওয়ার সময় ওই বাড়ির মালিকের ব্যবহৃত একটি প্রাইভেটকারে পালিয়ে যায় তারা।
সোমবার (১ জুলাই) সকালে ১১ টার দিকে এসব তথ্য জানান ওই বাড়ির মালিক ভুক্তভোগী রফিকুল ইসলাম। এর আগে রাত আড়াইটার দিকে সাভারের মজিদপুর এলাকার জমিদার বাড়ি সংলগ্ন রফিকুল ইসলাম এর ডুপ্লেক্স বাড়ির গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাতদল। রাত আড়াইটা থেকে প্রায় ৪ টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে ডাকাতরা।
ভুক্তভোগী বাড়ির মালিক রফিকুল ইসলাম খান বলেন, গতকাল রাত আড়াইটার দিকে বাড়ির পিছনের বারান্দার গ্রীল কেটে পাঁচ ছয়জন ডাকাত সদস্য বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চোখ, হাত ত পা বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙে বাড়িতে থাকা ২০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা। বাড়িতে নগদ কোন টাকা না পেয়ে গ্যারেজে থাকা ব্যক্তিগত ব্যবহৃত এক্স করোলা ( ঢাকা মেট্রো গ-২৭১৮৭০ ) গাড়ি টি নিয়ে যায়। সর্বমোট প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যরা মুখে গামছা বেধে ছিল। তাদের কাছে দুটি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র ছিল। বাহিরে কত জন ছিল আমার জানা নেই। তবে ৫/৬ জন আমাদের ঘরে বাড়ির ভিতর প্রবেশ করেছিল।
এব্যাপারে রফিকুল ইসলামের স্ত্রী সুমি ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতরা গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে। প্রথমে আমার বড় ছেলের কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদের রুমে এসে নক করে তারা। রাত আড়াইটা থেকে প্রায় ৪ টা পর্যন্ত তারা বাড়িতে থেকে লুটপাট করে। প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল আব্দুর রহমান বলেন, আমার বাড়ির পাশেই রফিকুলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি ঘটনা জানার পরপরই পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। আমরা এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ্-জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। খবর পাওয়ার পর পর কয়েকটি টিম মাঠে কাজ করছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। বেশ কিছু স্বর্ণালংকার ও একটি প্রাইভেটকার নিয়ে গেছে বলে জানতে পেরেছি। সেগুলো উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।